বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:০৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন। ছবি: পিএমও

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন।

আজ  ভোর ৬টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়। প্রধানমন্ত্রী নিজের বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

ছবি: পিএমও

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বগুড়ার পথে রয়েছেন। সড়কপথে যাচ্ছেন তিনি। সঙ্গে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। ভোর ৬টা ১০ মিনিটে গুলশান এভিনিউ’র বাসা থেকে প্রধানমন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন নিজের পৈত্রিক বাড়িতেও। বিকেলে রয়েছে বিএনপি আয়োজিত জনসভা। এসব কর্মসূচি শেষ করে রাতে আবারও সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর।

এ সফরের মধ্য দিয়ে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়ে যাবে সরকার। এছাড়া নানা কর্মসূচির পাশাপাশি দীর্ঘ ১৯ বছর পর তাঁর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই তাঁর এ সফর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অনেকটা আবেগেরও।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ১১ টার দিকে তিনি জেলা জজকোর্টে অনলাইনে বেইলবন্ড কার্যক্রম ও বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন।

এছাড়া তিনি গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃক ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, শহীদ জিয়া গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রাবিরতি করবেন। রাত ১১ টায় তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।