বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ২০:০৪

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক যৌথ আলোচনা সভায় কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশে নিয়মিত সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। 

তিনি বলেন, ‘স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের কোনো স্থান হবে না’।

আজ রোববার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক যৌথ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার ও বিভিন্ন প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা বিকাশে সহায়ক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পাঠ্যক্রমে আরও বিস্তৃত ও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ 

তিনি বলেন, সংগীত, নাটক, বিতর্ক ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা ও ইতিবাচক চিন্তাধারা গড়ে ওঠে। এটি তাদের মধ্যে উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমিয়ে দেয়। 

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষক দলের মাধ্যমেও শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটি সুস্থ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত ও বিকশিত করতে অচিরেই সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।