বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ২১:২৩

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভা আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগের অনুরোধ

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): জ্বালানি সাশ্রয়ে সকল সরকারি দপ্তরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভা আয়োজনের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সব মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট  সবাইকে দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার উপসচিব মো. মামুন স্বাক্ষরিত ১২ এপ্রিলের চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন।

বর্ণিত অবস্থায় মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে (যেমনÑ সভা, কর্মশালা, প্রশিক্ষণ) মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অর্থাৎ, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় হতে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় হতে অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে।

মন্ত্রিপরিষদের চিঠিতে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ব্যতীত সশরীরে সভা আয়োজন পরিহার করতে হবে, যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায়।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপর্যুক্ত বিষয় যথাযথভাবে প্রতিপালন নিশ্চিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।