বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৩২

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সে ব্যাপারে হজ টিমকে সতর্ক থাকতে হবে: ধর্মমন্ত্রী

বুধবার রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। ছবি: পিআইডি

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সে ব্যাপারে হজ টিমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

আজ বুধবার রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

হজ টিমের সদস্যদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খেদমতের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাদেরকে ভালোভাবে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। টিমের সদস্যদেরকে প্রকৃত খাদেম হিসেবে নিযুক্ত হওয়ার অনুরোধ জানান। 

মন্ত্রী বলেন, হাজিগণ যাদের ওপর সন্তুষ্ট থাকবেন তাদেরকে পরবর্তী বছরে আবার হজযাত্রীদের খেদমতের সুযোগ দেয়া হবে। যারা হাজিদের যথাযথ সেবা দেবেন না তাদের মক্কা থেকে দেশে পাঠিয়ে দেয়া হবে।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম বক্তৃতা করেন।