শিরোনাম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস): আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যা দক্ষতা বৃদ্ধি করছে এবং তরুণদের স্বনির্ভর করে তুলছে।
প্রতিমন্ত্রী জানান, কেয়ারগিভিং, মোবাইল সার্ভিসিং ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ইতোমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহারের আলোকে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও অধিদপ্তরের মাধ্যমে নেওয়া হয়েছে।
আইএলও কান্ট্রি ডিরেক্টর বলেন, আইএলও ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্তমানে আইএসইসি (কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্প দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পর্যন্ত ৪৬টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৭,০০০-এরও বেশি তরুণ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
আইএলও কান্ট্রি ডিরেক্টর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মসূচি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।