বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৪৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং করতে যুক্তরাজ্য আগ্রহী

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস):  যুক্তরাজ্য আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন এই আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে, সদ্য স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে বাংলাদেশের বিমান চলাচল ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালীকরণ এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন শিল্পের আরও উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।