বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৩০

বাংলাদেশি শ্রমিক ও চিকিৎসক নিয়োগে লিবিয়ার সহায়তার প্রশংসা শামা ওবায়েদের

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস এম সুলিমান আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বাংলাদেশি শ্রমিকদের আশ্রয় দেওয়ার জন্য লিবিয়ার প্রশংসা করেন এবং দেশটির সাম্প্রতিক চিকিৎসাকর্মী নিয়োগ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস এম সুলিমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য লিবিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প ও জনশক্তি খাতে।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে ‘বাংলাদেশ-লিবিয়া যৌথ ব্যবসা ফোরাম’ গঠনের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রদূত সুলিমান দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি লিবিয়ায় বাংলাদেশ ও প্রবাসীদের প্রতি অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং সম্পর্ক আরও গভীর করতে নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগ ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে লিবিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।