বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ২০:৩৮

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ইস্টার সানডে উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলের আর্চবিশপস হাউসে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

পবিত্র ইস্টার সানডে উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলের আর্চবিশপস হাউসে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। এ সময় তিনি দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দেন।

ইউনাইটেড ফোরাম অব চার্চেস-বাংলাদেশের প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মন্ত্রী ইস্টার সানডের শুভক্ষণে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।