বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৫:৪০
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: বাসস

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

আজ শনিবার হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এ পরিকল্পনার পরই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র লড়াই সুসংগঠিতভাবে শুরু হয়, যা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা তেলিয়াপাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়াতাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।