বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৭:৫৮

রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

পাবনা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। 

আজ সোমবার পাবনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির সহ-সভাপতি এবং পরিচালকগণ এতে উপস্থিত ছিলেন।

এ সময় তারা পাবনা জেলায় ৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগসহ সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সংগঠনটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

এর আগে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।