শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই। সরকারের সঠিক পরিকল্পনার ফলে এ নিয়ে উদ্বেগেরও কোনো কারণ নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর মর্যাদা) ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমদানিনির্ভর ভুল জ্বালানি নীতির কারণে আমরা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। তবে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। দেশে জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এর মূল্য এখনো অনেক যৌক্তিক পর্যায়ে রাখা হয়েছে।’
মন্ত্রী জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতা মাথায় রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিপরিষদ কমিটি নিবিড় তদারকি করছে। এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ব্রিফিংয়ে উৎপাদন খাতকে গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এখন থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা থাকবে না।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই, বরং সরবরাহ চেইন সচল রাখতে পরিকল্পিতভাবে রেশনিং করা হচ্ছে।
তিনি বলেন, ‘সবাই মিলে একসঙ্গে প্যানিক বায়িং শুরু করলে সরবরাহ ব্যবস্থায় অহেতুক চাপ সৃষ্টি হয়। এটি কোনো মিস-ম্যানেজমেন্ট নয়, বরং বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি সতর্কতামূলক ব্যবস্থাপনা।’
পাম্প মালিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে, এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। দাম বাড়ার আশায় যদি কেউ তেল মজুত করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।’ তিনি এই অপতৎপরতা রুখতে এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।