শিরোনাম

রাজবাড়ী, ২১ মার্চ, ২০২৬ (বাসস): সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিসংখ্যান বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জেলার পৃথক দুটি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
রাজবাড়ী জেলা শহরে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহের পরিবর্তে জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে উপস্থিত মুসুল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘ এক মাস রমজান মাসের সিয়াম সাধনার পর আজকের ঈদ আমাদের মধ্যে মহাখুশি ও আনন্দের জোয়ার সৃষ্টি করেছে। মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতরের আনন্দ সকলের কাছে এক মহামূল্যবান। এই আনন্দ আমাদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যের বন্ধন সৃষ্টি করে। তাই আসুন আমরা একে অপরকে দেশ গড়া ও জাতির কল্যাণে সাহায্য করি, বিভেদ ভুলে ভাতৃত্বের বন্ধনে বেঁধে আগলে ধরি।
অপরদিকে জেলার পাংশা উপজেলায় নিজ গ্রাম গোপালপুর জামে মসজিদে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিসংখ্যান বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সকাল ৯ টায় ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মালের রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ সকাল ৮ টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসুল্লিদের সাথে পারস্পরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দেশের কল্যাণ কামনা করেন ।
রাজবাড়ী জেলা মডেল মসজিদের প্রধান জামাতে ইমামতি করেন মসজিদটির ইমাম ও ভবানীপুর দারুস সুন্নাহ হাফেজী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হাফেজ আবু সাইয়েদ তায়েবী ।
এছাড়া, পাংশা সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে ইমামতি করেন মাওলানা আবু মুসা আশারী।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জেলার মডেল মসজিদে নারীদের সঙ্গে নামাজ আদায় করেন। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও মডেল মসজিদে নামাজ আদায় করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মুসুল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।
এছাড়া জেলার বিভিন্ন জামে মসজিদের ঈদ জামাতের সময়সূচী জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালকএস এম হাফিজুর রহমান।
তিনি জানান, জেলার ৫ টি উপজেলায় কমপক্ষে ৬৭ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।