বাসস
  ২০ মার্চ ২০২৬, ১১:২২

বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না: সরকার দলীয় চিফ হুইপ

ছবি : বাসস

বরগুনা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : বরগুনা-২ আসনের এমপি ও জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না। পার্লামেন্ট হলো সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। পার্লামেন্ট হলো দেশের প্রকৃত সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। দেশের সকল আইন তৈরি করার জায়গা হলো পার্লামেন্ট। যেসব দেশে পার্লামেন্টের প্রাকটিস হয় সেসব দেশে এগুলো বাস্তবায়িত হয়। আমাদের দেশে গত ১৭ বছরে ফ্যাসিস্টরা এই কাজটি করতে দেয়নি।

চিফ হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বরগুনা সফরে এসে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ আরো বলেন, বর্তমান সংসদে বিরোধী দলকে যথাযথ গুরুত্ব দেয়া হবে এবং তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে সরকার ও বিরোধী দলের সমন্বিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সংসদ মূলত জনগণের প্রতিনিধিত্বের জায়গা, যেখানে বিরোধী দলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরআগে বিকেলে বরগুনা সার্কিট হাউসে পৌঁছালে চিফ হুইপ নূরুল ইসলাম মণিকে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাত আটটার দিকে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে।