শিরোনাম

রাঙ্গামাটি, ১৯ মার্চ, ২০২৬ (বাসস): আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন।
রাঙ্গামাটির স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে আজ বৃহস্পতিবার সকালে এই আকস্মিক পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে দীপেন দেওয়ান বলেন, ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে যাত্রীদের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি বলেন, বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন ১৬১০৭ কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর পরামর্শ দেন তিনি।
যাত্রীসেবা নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন পুলিশ কন্ট্রোল রুম, র্যাব কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে যাত্রীদের দ্রুত অভিযোগ করার পরামর্শ দেন তিনি।