শিরোনাম

ঢাকা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, মির্জা আব্বাসকে হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিএনপির এই জ্যেষ্ঠ নেতার খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে উনাকে (তারেক রহমান) অবহিত করা হচ্ছে।
জাহিদ হোসেন আরও বলেন, ‘সবাই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষন আগে বোর্ড বৈঠকে বসেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে এটা বোর্ড নির্ধারণ করবে।'
গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল (বৃহস্পতিার) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী জানান, মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান; অধ্যাপক শেখ আবদুল কাদের; অধ্যাপক জিল্লুর রহমান; অধ্যাপক দ্বীন মোহাম্মদ; অধ্যাপক সাঈদ আহমেদ; অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। বোর্ডের বৈঠকের সময় অনলাইনে তিনি নিজেও যুক্ত থাকছেন বলেও জানান।
ডা. জাহিদ আরও বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। দেশটির ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করে রাখা হয়েছে। তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের সহধর্মিণীসহ তার পরিবার বিএনপির এই সিনিয়র নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।