বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৭:৩০

জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি, তার সব কিছুই ধারণ করবো।

তিনি বলেন, ‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো।                              
 
স্বরাষ্ট্রমন্ত্রী আজ জাতীয় সংসদ ভবনে সরকারী দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু হবে, রাষ্ট্রপতি সংসদীয় বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর অধিবেশন বসবে, সেই অধিবেশনে প্রথমে সভাপতিমন্ডলির প্যানেল ঘোষণা করা হবে। এরপর শোক প্রস্তাব আসবে এবং শোক প্রস্তাবের উপর আলোচনা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিবেশন চলাকালীন সংসদে আইনমন্ত্রী উপস্থাপন করবেন। কার্যউপদেষ্টা কমিটিসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, কার্যউপদেষ্টা কমিটির বৈঠক পরদিন অনুষ্ঠিত হবে এবং ১৫ মার্চ অধিবেশন আরও একদিন চলার পর বিরতি হতে পারে।