বাসস
  ০৯ মার্চ ২০২৬, ২৩:৩২

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : সম্প্রতি নেপালে সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক পোস্টে তিনি বলেন, ‘গত ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন’।

প্রধানমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিমত্তার পরিচায়ক।

তিনি আরও বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।