শিরোনাম

ময়মনসিংহ, ৯ মার্চ, ২০২৬ (বাসস): দেশের সকল গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এটাই সরকারের প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক।
সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের নিয়ে নতুন করে নীতিমালা করার ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কেউ যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্ম করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।
সভায় প্রতিমন্ত্রী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যানজট নিরসনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, ময়মনসিংহ শহরের যানজটের মূল কারণ রাস্তার সংকট নয়, বরং ব্যবস্থাপনার ঘাটতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে।
এসময় প্রতিমন্ত্রী আরও জানান, দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে। কোথাও জ্বালানি তেলের সংকট দেখা দিলে তা নজরদারির আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি এবং ময়মনসিংহ অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু।
এছাড়া সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।