শিরোনাম

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণকালে সহযোগিতা প্রদান করায় ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন (ইইউইওএম) বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের সার্বিক সহযোগিতা, পেশাদারিত্ব এবং কার্যকর সমন্বয়ের প্রশংসা করা হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পেশাদারিত্ব, সময়োপযোগী সহায়তা ও আন্তরিক সহযোগিতা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের কার্যক্রম পরিচালনাকে সহজ করেছে।
পাশাপাশি এসব সহযোগিতার মাধ্যমে পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচনী পরিবেশ, নীতিমালা এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন কার্যপদ্ধতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়েছে।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন বিশেষভাবে কয়েকজন কর্মকর্তার অবদান উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল আজিজুর আর সিদ্দিকী, রুহুল আমিন মল্লিক এবং সহিদ আব্দুস ছালাম। নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ায় তথ্য প্রদান, সমন্বয় সাধন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এছাড়া নির্বাচন চলাকালে প্রশাসনিক সহায়তা, তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষকদের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে।
চিঠিতে পুরো নির্বাচন কমিশন টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া মূল্যায়নের লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতো ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পর্যবেক্ষক দলও এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করে।