বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৮:৩৭

জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ : সাভারে চিফ হুইপ 

রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: বাসস

সাভার, ৮ মার্চ, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধান এবং সকল কাজের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। 

আজ রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চিফ হুইপ এসব কথা বলেন। এর আগে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান চিফ হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বই স্বাক্ষর করেন চিফ হুইপ।

এ সময় তিনি বলেন, সংসদকে কার্যকর করা গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত তো এর সাথে থাকবেই। এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা রয়েছে। আমাদের সংসদ নেতার নির্দেশে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, যা আগামী ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদে প্রতিফলিত হবে।

আগের সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আসন্ন প্রথম অধিবেশনেই সংসদের টেবিলে উত্থাপন করা হবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সংসদ হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক। বিগত সরকারের শাসনকালে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সংসদে পেশ করা হবে এবং বাধ্যবাধকতা থাকায় সেসব বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরো বলেন, সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করায় এবারের সংসদের অধিবেশন একটু ব্যতিক্রম হবে। সংসদ অধিবেশনের প্রথম দিন আমাদের আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, আমরা চাই বিরোধী দল সংসদে কথা বলুক, বিতর্ক করুক— তবেই সংসদ কার্যকর হবে।