বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:৩৪
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৮:৫৭

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দুটি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : বাসস

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য শিল্প পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শককে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করেছে।

তিনি বলেন, আমরা সমস্যা সমাধানের জন্য একটি ফোকাল পয়েন্ট নিয়োগ করেছি।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দুটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেজন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, আমরা একটি ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। যেমন- ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে অতিরিক্ত আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধিদের এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কারখানার মালিকরা সময়মতো বেতন পরিশোধ করতে সক্ষম হবেন। সরকার ও ব্যাংকিং খাত প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঈদের আগে শ্রমিকদের বেতন-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।