বাসস
  ০৪ মার্চ ২০২৬, ২০:২৯

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস): পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছাম্মত ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।