শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতিতেও আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে। তবে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বাইরে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এক বার্তায় জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাসে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশে আরও বলা হয়, ‘বাংলাদেশ সরকার ও দূতাবাস সব সময় আপনাদের পাশে রয়েছে। একই সঙ্গে আমিরাত সরকারও তাদের সব বাসিন্দার নিরাপত্তা নিশ্চিতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ থাকুন এবং সর্বশেষ তথ্য সম্পর্কে সচেতন থাকুন।’
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসীদের সতর্ক থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানান।
দূতাবাস জানিয়েছে, তারা তাদের কার্যক্রম চালু রেখেছে এবং প্রয়োজনে নাগরিকদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।