শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : ডাক বিভাগের সাফল্য ও সক্ষমতা জনগণের সামনে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সভাকক্ষে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডাক বিভাগ এখন আর কেবল চিঠি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি আধুনিক ও বহুমুখী সেবা নেটওয়ার্কে পরিণত হয়েছে। পোস্টাল ব্যালট সফলভাবে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক এবং বিপুল জনবলকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, সময়োপযোগী সংস্কার, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং অবকাঠামোগত আধুনিকায়নের মাধ্যমে ডাক বিভাগকে একটি স্মার্ট সার্ভিস প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। ডিজিটাল সেবা সম্প্রসারণ, দক্ষ জনবল গঠন এবং সেবার মানোন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশ ডাক অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। নির্বাচনী ব্যালট বিতরণসহ বিভিন্ন জরুরি কার্যক্রমে ডাক বিভাগের অবদান প্রশংসনীয়। তিনি জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কার্যকর অ্যাড্রেস ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু, কর্মকর্তাদের প্রশিক্ষণ জোরদার এবং পুরনো আইন ও অধ্যাদেশ আধুনিকায়নের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় ডাক বিভাগের সেবার পরিধি সম্প্রসারণ, সেবা প্রক্রিয়া সহজীকরণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।