বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৬:২৮

খাল খননের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার আমূল পরিবর্তন হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ফাইল ছবি

‎ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, খাল খননের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার আমূল পরিবর্তন হবে।

‎পানি সম্পদ মন্ত্রী আজ গাজীপুরের শ্রীপুর পৌরসভার চাপিলা পাড়ায় চৌক্কার খাল পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম। ইতোমধ্যে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে ১৮০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খননের দৃশ্যমান কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।

‎এ্যানি চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার হচ্ছে জনবান্ধব সরকার, জনকল্যাণে সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকে কাজ শুরু করেছে। কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, মাছ উৎপাদন বৃদ্ধি, পানির প্রবাহ বৃদ্ধি এবং জলাবদ্ধতা দূরীকরণের জন্য সরকার খাল খননকে গুরুত্ব দিচ্ছে। গাজীপুরসহ সারাদেশে খাল খননের পাশাপাশি খালের উভয়পাশে বৃক্ষ রোপণসহ সৌন্দর্য বর্ধন করা হবে বলে তিনি জানান।

‎পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনকল্যাণে কাজ করেছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২০ হাজার কি. মি. খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ১৫ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন বলে তিনি জানান।

‎এর আগে মন্ত্রী শ্রীপুর উপজেলার চৌক্কার খাল পরিদর্শন করন। শ্রীপুর উপজেলায় মন্ত্রীকে স্বাগত জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আলম হোসেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার মো. সজীব আহমেদ।

‎এছাড়াও মন্ত্রী শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দোখোলায় লবণদহ খাল এবং টঙ্গীতে গাঁছা খাল  পরিদর্শন করেন।