বাসস
  ০১ মার্চ ২০২৬, ২০:১৫

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১ মার্চ, ২০২৬(বাসস): শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মন্ত্রী আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের গোলাগুলির ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। 

তিনি বলেন, চট্টগ্রামে একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে। এরপর চট্টগ্রামের পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর নিরাপত্তা এবং বাসায় পুলিশ পাহারা দিয়েছে। সে সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি সেজন্য দু’মাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। এ সময় তারা ভারি অস্ত্র দিয়ে গোলাগুলি করেছে।

সেনাবাহিনীর সদস্যরা আর কতদিন মাঠে থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কতদিন মাঠে থাকবে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী নিজেরাও মাঠে থাকতে চায় না। কারণ তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে। 

অন্তর্বর্তী সরকারের সময়ে র‌্যাবের নাম ও পোশাক বদলানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের বিষয়ে একটা জনচাহিদা রয়েছে। জুলাই জাতীয় সনদেও সুপারিশ করা হয়েছে যে র‌্যাবের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে। 

তিনি বলেন, বাস্তবতার নিরিখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটি একটি বিশেষায়িত বাহিনী। প্রশ্ন হলো এ বাহিনী চাই কি না। উত্তর হলো চাই। তাহলে সেটা কি আদলে হবে, তাদের জুরিসডিকশন কি হবে, তাদের জবাবদিহি কি হবে, তাদের কীভাবে স্বচ্ছ রাখা যায়, তাদের কাছ থেকে কিভাবে সর্বোচ্চ সেবা পেতে পারি এসব পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।