শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। এই ১০ জন উপদেষ্টার মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
সংবিধান ও রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রলালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; ডা. জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি; মাহ্দী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।