বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৬

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন আদেশ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে কেবিনেটের নতুন আদেশ জারি করা হয়েছে।

আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার উপ সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত নতুন এ আদেশ দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে,  সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার অধীন দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। 

উল্লেখ্য, মাঠ পর্যায়ের সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হবে।