শিরোনাম

রংপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সোমবার সকালে রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। সবার সততা, দায়বদ্ধতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন সম্ভব।
তিনি বলেন, জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মূল চালিকাশক্তি। একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে এবং সরকারের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
জনগণের কল্যাণে নিবেদিত থেকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় রংপুর বিভাগ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।