শিরোনাম

দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ধর্ম,বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেছেন। এর আগে তিনি নির্বাচনি প্রচারণায় এ অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।
জেলার বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আজ একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
সাদিক রিয়াজ বলেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তবে আমিও সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকব। আমি এখানে শাসন করতে আসিনি, এসেছি সেবক হিসেবে কাজ করতে। আমার লক্ষ্য হলো, জনগণ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং চাকরিজীবীরা যেন স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারেন।’
তিনি বলেন, ‘প্রতিটি ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, আমরা তেমনই একটি নিরাপদ দেশ গড়ে তুলতে চাই। আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার কর্তব্য ও দায়িত্ব।’
সাদিক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের একটি কথাই বলেছেন যে, ‘পরিবর্তন আনতে হলে আগে নিজেকে বদলাতে হবে। আমরা নিজেরা বদলাতে পারলেই অন্যকে পরিবর্তনের কথা বলতে পারব।’
তিনি নিরাপদ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। ‘তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়ন করা কেবল ইউএনও, ওসি কিংবা জনপ্রতিনিধিদের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে এই লক্ষ্য অর্জন ও বাস্তবায়ন করা কঠিন হবে না।’
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, বোচাগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. মিজানুর রহমান এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তারসহ আরও অনেকে। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন এলাকার ৯ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এডিপির অর্থায়নে এই হুইল চেয়ার বিতরণের ব্যবস্থা করা হয়।