শিরোনাম

পঞ্চগড়, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের দল ক্ষমতায় আসছে জনগণের ম্যান্ডেট নিয়ে। তাই বলে যেসব জনগণ ইলেকশনে আমাদের ভোট দেয়নি, তারা কিন্তু আমাদের বাইরের না, আমরা সবারই প্রতিনিধি।
গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউজ হল কক্ষে জেলার সার্বিক আইন শৃঙ্খলা, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা মনে করবো সবার ভোট নিয়ে আমরা সরকার গঠন করেছি। এ ক্ষেত্রে আমাদের দলের কোনো কর্মী বা নেতা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্মে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে আমি কোনো দায় দায়িত্ব বহন করবো না। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, কোনো ব্যক্তির দ্বারা আমার দলের যদি ইমেজ ক্ষুণ্ন হয়, তার মতো লোক আমাদের দরকার নাই।
তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে আমরা উন্নয়ন কার্যক্রম চালিয়ে নিতে চাই। যারা নির্বাচনে হেরে গেছেন তাদেরকেও সঙ্গে নিয়ে একটি মহিমান্বিত বাংলাদেশ গড়তে চাই। সেই দৃষ্টান্ত রেখেই প্রধানমন্ত্রী জামায়াতের আমীর, এনসিপির সভাপতি এবং চরমোনাই পীরের বাসায় গিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন। আমিও অন্যান্য দলের যারা আছেন- প্রত্যেকের সহযোগিতা চাচ্ছি।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, আমাদের শ্লোগান একটাই- করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন- সততা ও নিষ্ঠা দিয়ে এবং দুর্নীতির গলা চিপে ধরে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে আগামী দিনে আমরা পৃথিবীকে দেখাতে চাই- সমান সুযোগ পেলে আমরা এগিয়ে যেতে পারি।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় ১৮ বিজি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি প্রমুখ।
এদিন প্রতিমন্ত্রী বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে কথা বলেন।