শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।
গতকাল সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে দুই পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।
বৈঠকে তারা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। প্রতিবেশীসুলভ সুসম্পর্ক, অভিন্ন লক্ষ্য এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়েও তারা আলোচনা করেন।
আলোচনায় উঠে আসে যে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তঃসীমান্ত জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন শিল্প প্রসারের বিশাল সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
উভয় দেশই তাদের জনগণের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং মহাপরিচালক ইশরাত জাহান উপস্থিত ছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।