শিরোনাম

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার রাত ৮টা ২৫ মিনিটে দলের নেতাদের নিয়ে তিনি রাজধানীর বেইলি রোডে এনসিপির আহ্বায়কের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।
এ সময় নাহিদ ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কুশলাদিও বিনিময় করেন।
প্রায় ১ ঘন্টা নাহিদ ইসলামের বাসায় অবস্থান করার পরে ৯ টা ১৫ মিনিটে বের হয়ে যান তারেক রহমান।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। পরে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে দুজন বৈঠক করেন।
দেশের বিবাদমান রাজনৈতিক সংস্কৃতিতে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল।
এর আগে গতকাল শনিবার দুপুরে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি।
তিনি বলেছেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে।
তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’