বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত, ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ : ইসি সচিব

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করেন। ছবি : বাসসছবি : বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ফলাফল বিস্তারিত তুলে ধরে ইসি সচিব জানান, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ, কিন্তু গণভোটে তা ৬০ দশমিক ২৬ শতাংশ। এর কারণ হলো, আদালতের নির্দেশনায় চট্টগ্রামের দুটি সংসদীয় আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে ওই দুই আসনের ভোটও গণভোটের সার্বিক ফলাফলে যুক্ত হয়েছে।’

গেজেট প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল আলাদাভাবে নয়, বরং একটি সমন্বিত গেজেট আকারে প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের হার্ডকপি পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।