বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬

ভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করেছে সরকার। এই নম্বরে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচন-সংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ জানাতে পারবেন।

আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত একটি ফটোকার্ডে এ তথ্য জানানো হয়। সেখানে নির্বাচনের বিষয়ে কোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’-এ যোগাযোগ করতে বলা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য এই বিশেষ তথ্যসেবা চালু করে সরকার। যাচাইকৃত ও নির্ভরযোগ্য নির্বাচন-সংক্রান্ত তথ্য সরবরাহ করাই এ সেবার মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা বলছেন, এই হটলাইন নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি, গুজব ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।