বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন করেন । ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এই তরুণেরা শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক পরিসরেও নেতৃত্বের ভূমিকা রাখবে।

তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম—বিশ্বব্যাপী সংযুক্ত এবং প্রযুক্তিগতভাবে ক্ষমতায়িত। তবে সমাজ এই শক্তিকে যথাযথভাবে চিহ্নিত ও কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। আমরা যদি তাদের ছেড়ে দিই, তারা ঘুড়ির মতো উড়ে যাবে। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, ওই সিদ্ধান্ত তরুণদের জীবনে প্রযুক্তির গভীর সম্পৃক্ততাই স্পষ্ট করেছে। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে ক্ষোভ ও অস্থিরতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত একটি শক্তিশালী সরকারের পতনে ভূমিকা রাখে। এতে বোঝা যায়, সংযোগ ব্যবস্থা এখন কতটা অপরিহার্য।

তবে প্রযুক্তির অপব্যবহারের দিকটিও তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, প্রযুক্তি যেমন শক্তিকে বাড়ায়, তেমনি দুর্বলতাকেও উন্মোচিত করে। ভুয়া নথি তৈরির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

একজন ব্যক্তি জাল সনদ ব্যবহার করে বিদেশে চিকিৎসক হিসেবে প্রবেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, উন্নত প্রযুক্তির সুফল পুরোপুরি পেতে হলে এ ধরনের চর্চা থেকে সরে আসতে হবে। বাংলাদেশিরা অত্যন্ত মেধাবী ও সৃজনশীল। তবে এই মেধা ও সৃজনশীলতা ক্ষতিকর বা অনৈতিক কাজে ব্যবহার করা যাবে না।

প্রযুক্তির অপব্যবহারে অসন্তোষ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, চলুন, আমরা সিদ্ধান্ত নিই—জালিয়াতি থেকে বেরিয়ে আসব, বাস্তবসম্মত নীতি গ্রহণ করব এবং জনবান্ধব শাসনব্যবস্থা গড়ে তুলব।