বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফাইল ছবি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সারাদেশে আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরো জানানো হয়, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকালের রেকর্ড অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।