শিরোনাম

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস): গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে| দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে |
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা |
খবর বার্তা সংস্থা এএফপি’র|
গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে আঘাত হানে| এতে এলাকাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে|
দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামে জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ হাজার ৬৯ জন নিহত হয়েছে| নিহতদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা|
তিনি আরও জানান, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে| আহতদের অধিকাংশই ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন|
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য আইএমএফ থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার তোলা হয়েছে|
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেন| তিনি বলেন, জরুরি মানবিক প্রয়োজনে ভেনেজুয়েলাকে আইএমএফে থাকা নিজেদের অর্থ ব্যবহারের সুযোগ দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করেছে সংস্থাটি| তিনি জানান, এই অর্থ দেশটির ‘রিজার্ভ ট্রাঞ্চ’ থেকে নেওয়া হয়েছে|
ভূমিকম্পে গৃহহীন হওয়া প্রায় ২০ হাজার মানুষ এখনও অস্থায়ী ও জনাকীর্ণ আশ্রয়শিবিরে বসবাস করছেন| এসব শিবিরের অনেকগুলোতেই নিরাপদ পানির সরবরাহ ও যথাযথ স্যানিটেশন ব্যবস্থা নেই|
বর্তমানে আইএমএফে ভেনেজুয়েলার ৩ দশমিক ৫৬৮ বিলিয়ন ‘স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর)’ রয়েছে, যা প্রায় ৫.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান| তবে, নিকোলাস মাদুরোকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এর আগে এই অর্থ ব্যবহারে বাধা ছিল|
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে চলতি বছরের জানুয়ারিতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত এপ্রিলে আইএমএফ ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়| এর আগে ২০১৯ সাল থেকে সংস্থা দুটির সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক স্থগিত ছিল|