শিরোনাম

ঢাকা, ১ মে, ২০২৬ (বাসস): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এবং আবহমানকাল ধরে বাংলাদেশে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে তা পালিত হয়ে আসছে।
দেশের মাটি ও মানুষের সঙ্গে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য মিশে আছে উল্লেখ করে তিনি মহাপণ্ডিত অতীশ দীপঙ্করের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপ্রধান বলেন, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনে বৌদ্ধ কৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহামতি বুদ্ধ মানবতা, সাম্য ও মৈত্রীর প্রতীক এবং তাঁর ‘অহিংসা’র বাণী আজও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সমানভাবে প্রাসঙ্গিক।
বর্তমান বিশ্বে যুদ্ধ-সংঘাত ও বিদ্বেষের প্রেক্ষাপটে ধৈর্য, সংযম এবং জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অর্জনই জাতির সম্মিলিত গৌরব।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বুদ্ধের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে বৌদ্ধ সম্প্রদায় শান্তিময়, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বুদ্ধ পূর্ণিমার আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সাফল্য বয়ে আনবে এই কামনা করেন।
বঙ্গভবনের ক্রিডেনসিয়াল হলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বৌদ্ধ ধর্মের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ ধর্ম মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।