শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে পায়ে হেঁটেই অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো প্রধানমন্ত্রীর ক্যাম্পাসে নির্বিঘ্নে এভাবে হেঁটে আসার নজিরও এই প্রথম।
আজ বেলা ১২টার কিছু আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে বের হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, আমিও ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে। এটা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিঘ্নে হেঁটে অনুষ্ঠানে এসেছেন। এটা বিরল ঘটনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো বলেন, অতীতে আমরা দেখেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো সরকার প্রধান আসলে, কোনো প্রধানমন্ত্রী আসলেÑ প্রতিবাদ হয়েছে, পক্ষে-বিপক্ষে স্লোগান হয়েছে, সংঘর্ষের ঘটনারও দৃষ্টান্ত রয়েছে। আজ সেইরকম কোনো দৃশ্য নেই। হাজারো শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে দেখে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। স্লোগানও হয়েছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে, অনেককে দূর থেকে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানাতে দেখা গেছে।
সকাল ১০টায় ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সেখানে অনুষ্ঠান শেষ করে তিনি বের হন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অনুষ্ঠানে যোগ দিতে।
সিনেট ভবনের সামনে প্রধানমন্ত্রীর গাড়িও প্রস্তুত। কিন্তু প্রধানমন্ত্রী হেঁটে যাওয়ার কথা বলেই হাঁটতে শুরু করেন। প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা কর্মীরাও হয়ে ওঠেন তৎপর।
শিক্ষার্থীরা এভাবে প্রধানমন্ত্রীকে হেঁটে যেতে দেখে করতালি দেয়, অনেকে শ্লোগানও দেয়।
কলাভবনের কাছেই সামাজিক বিজ্ঞান অনুষদের ভবন। সেই ভবনে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তন। এখানে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হন।
অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবে কোনো নিরাপত্তা বেষ্টনি ছাড়া নির্বিঘ্নে কখনোই কোনো প্রধানমন্ত্রীর হেঁটে চলার ইতিহাস নেই। এটা বলতে পারেনÑ একটা স্মরণীয় ঘটনা। তিনি যতটুকু পথ হেঁটে এসেছেন, আপনারা দেখেছেন শিক্ষার্থীদের মধ্যে কী উচ্ছ্বাস ও উদ্দীপনা। এখানে নানা মতের ও আদর্শের শিক্ষার্থীর অবস্থান ছিল। কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক।’
প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনের ১৫০ শিক্ষার্থীর উপস্থিতিতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অডিটোরিয়ামে স্থান না পেয়ে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোবাইল লাইভে প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানটি দেখেছে।