বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১

রাষ্ট্রীয় সম্পদের কৌশলগত ব্যবস্থাপনায় খসড়া নীতিমালায় মতামত আহ্বান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রুগ্ন, অকার্যকর ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রণীত খসড়া নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত আহ্বান করেছে ইনভেস্ট বাংলাদেশ।

রাষ্ট্রীয় সম্পদ, শেয়ার ও স্বত্ব হস্তান্তর অথবা কৌশলগত বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে শিল্প উৎপাদন বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

খসড়া নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পাঠানোর শেষ সময় আগামী ১৭ সেপ্টেম্বর। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর (২০২৬ সনের ১০৪ নং আইন) ধারা ৪৮-এ প্রদত্ত ক্ষমতাবলে কর্তৃপক্ষ এ খসড়া নীতিমালা প্রণয়ন করেছে।

প্রস্তাবিত নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন রুগ্ন, অকার্যকর বা বন্ধ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অব্যবহৃত সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহারের মাধ্যমে শিল্প উৎপাদন বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

খসড়া নীতিমালায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, উপযুক্ত লেনদেন কাঠামো নির্ধারণ, দেশি-বিদেশি বিনিয়োগকারী আকর্ষণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের প্রস্তাব করা হয়েছে।

এতে সরকারি স্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য অর্থনৈতিক মূল্য সংরক্ষণ এবং লেনদেন-পরবর্তী বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য একটি সমন্বিত কাঠামো রাখার প্রস্তাব করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, খসড়া নীতিমালা প্রণয়নের অংশ হিসেবে গত ১২ জুলাই সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ১৮ আগস্ট শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে এ বিষয়ে মতামত আহ্বান করে।

প্রাপ্ত মতামত পর্যালোচনা করে প্রযোজ্য ও যৌক্তিক মতামতগুলোকে যথাসম্ভব খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নীতিমালাটিকে আরও কার্যকর, বাস্তবসম্মত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি দপ্তর ও সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও শিল্প সংগঠন, দেশি-বিদেশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, পেশাজীবী ও বিশেষজ্ঞসহ অন্যান্য অংশীজনের মতামত চাওয়া হয়েছে।

খসড়া নীতিমালা পর্যালোচনা করে মতামত, পর্যবেক্ষণ বা সুপারিশ থাকলে নির্ধারিত ছক অনুযায়ী বাংলা ভাষায় নিকোশ ফন্টে প্রস্তুত করে স্বাক্ষরিত মতামতের স্ক্যানকৃত কপি ও সম্পাদনযোগ্য ফাইল আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

মতামত ই-মেইলে [email protected] ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। ই-মেইলের বিষয় হিসেবে Comments on Strategic Divestiture উল্লেখ করতে হবে।