শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ লাখ টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার (২৩ আগস্ট) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান।
চিঠিতে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান’ শীর্ষক কার্যক্রমের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের মধ্যে অনুদান খাত থেকে ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে।
ছাড় করা অর্থ ব্যবহারে কয়েকটি শর্ত দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রশিক্ষণ সমিতির তালিকার তথ্য হালনাগাদ করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মধ্যে সুষ্ঠুভাবে অর্থ বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া কার্যক্রমের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং প্রযোজ্য সব আর্থিক বিধি-বিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ছাড় করা অর্থ এফডিআরকৃত ব্যাংকে জমা রাখার শর্তও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ জুন ২০২৭ তারিখের মধ্যে ছাড় করা অর্থের ব্যয় ও কার্যক্রমের অগ্রগতি, অব্যয়িত অর্থের পরিমাণ এবং ব্যাংক স্থিতি উল্লেখ করে প্রত্যয়ন ও ব্যাখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
ছাড় করা ৭৫ লাখ টাকা উত্তোলন ও নির্ধারিত খাতে ব্যয়ের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা কার্যালয় থেকে অর্থ উত্তোলন করে নির্ধারিত খাতে ব্যয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।