বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ২৩:০৪

সংস্কৃতি  ও পর্যটন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করলে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব : সংস্কৃতিমন্ত্রী

সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: পিআইডি 

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে নতুন রেনেসাঁর সূত্রপাত হয়েছে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় ঐক্যবদ্ধভাবে কাজ করলে পর্যটন খাতে জিডিপি প্রবৃদ্ধি ৭ থেকে ৮ শতাংশ অর্জন সম্ভব হবে।

আজ (সোমবার) সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে পর্যটন উন্নয়ন বিষয়ে মন্ত্রী পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। সভার শুরুতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ফুল দিয়ে বরণ করে নেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত ২২-২৩ বছরের অন্ধকার যুগের অবসানের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নির্বাচনী ইশতেহারের আলোকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংস্কৃতি  ও পর্যটন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করলে দেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ব্রান্ডিং করে প্রতিষ্ঠিত করা যাবে।পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে মালদ্বীপ, শ্রীলংকা, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মত দেশ ঘুরে দাঁড়িয়ে বলেও উল্লেখ করেন তিনি। 

নিতাই রায় বলেন, আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ ও সাংস্কৃতিক ঐতিহ্যগত স্থাপনাগুলোর প্রচার ও প্রসারের মাধ্যমে পর্যটকবান্ধব করে গড়ে তুলতে হবে।

পর্যটনমন্ত্রী বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটি গঠন করে পর্যটকদের আকৃষ্ট করতে  ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো বাছাই করতে হবে। এ ব্যাপারে তিনি পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ কমিটি গঠনের কথাও বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, উভয় মন্ত্রণালয় যৌথভাবে কাজ করলে পর্যটন থেকে জিডিপি প্রবৃদ্ধি ৭ থেকে ৮ শতাংশ অর্জন সম্ভব, যা বর্তমানে ২ থেকে ৩ শতাংশ। তিনি পর্যটন খাতের বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতি সচিব কানিজ মওলা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন।

এর আগে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনলকিং বাংলাদেশি’স  ক্রিয়েটিভ  ইকোনমি থ্রু কালচারাল টুরিজম’ শিরোনামে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।