বাসস
  ১০ মে ২০২৬, ১০:০৫
আপডেট : ১০ মে ২০২৬, ১০:২৫

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফাইল ছবি

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠেয় ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সফরকালে প্রতিমন্ত্রী তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এই বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করতে তিনি তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়ে এই বৈঠকে আলোকপাত করা হবে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিমন্ত্রী ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় খেলাগুলো তুলে ধরার বিষয়ে সেখানে আলোচনা হবে।

পাশাপাশি তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘একে পার্টি’র প্রতিনিধিদের সঙ্গেও তার একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার বক্তব্যে আগেই উল্লেখ করেছেন যে, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক লভ্যাংশের (Demographic Dividend) মধ্য দিয়ে যাচ্ছে। এই সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব-দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সফর শেষে আগামী ১৪ মে প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।