বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৯:১৪

হিট প্রকল্পের ডিপিপিতে সরকারের অগ্রাধিকার যুক্ত করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ বৃহস্পতিবার সকালে ইউজিসি ভবনে আয়োজিত হিট প্রকল্পের ‘মিড-টার্ম রিভিউ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: বাসস 

ঢাকা, ৩০ এপ্রিল, (বাসস) : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের ডিপিপি সংশোধন করে তাতে সরকারের বর্তমান অগ্রাধিকারের বিষয়সমূহ যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ইউজিসি ভবনে আয়োজিত হিট প্রকল্পের ‘মিড-টার্ম রিভিউ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে এই প্রকল্পের কিছু বিষয় আর প্রাসঙ্গিক নেই। তাই উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারের যে অগ্রাধিকারসমূহ রয়েছে, তা যুক্ত করে দ্রুত ডিপিপি সংশোধন করতে হবে।’

তিনি প্রকল্পের অর্থের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘প্রকল্পের মেয়াদ আর মাত্র দুই বছর বাকি থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি মাত্র ৫ শতাংশ। আমাদের হাতে সময় খুবই কম। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্প সফলভাবে শেষ করতে হবে। মন্ত্রণালয় এ লক্ষ্যে সার্বিক সহযোগিতা করবে, তবে কাজের গতি এখনই বাড়াতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উন্নয়ন প্রকল্পে ব্যয় কমিয়ে আনা এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, হিট প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উচ্চশিক্ষার প্রকৃত উন্নয়নে ব্যয় করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বলেন, দেরিতে শুরু হলেও সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করা হবে।

তিনি আরও বলেন, ‘হিট প্রকল্পের মাধ্যমে গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ের সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। এতে যৌথ গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের সাথে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।  কর্মশালায় ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।