বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬(বাসস): সারাদেশে আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) 'জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬' উদযাপিত হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য-'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ'।

'জাতীয় আইনগত সহায়তা দিবস' যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

'জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬' উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তাসহ প্রচারণার কাজে সহযোগিতা প্রদান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়াও দরিদ্র, নিম্ন ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা মহানগর, উপজেলা, ইউনিয়ন ও বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত কর্মসূচি অনুযায়ী দিবসটি উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। সে আলোকে দিবসটি আজ উদযাপিত হচ্ছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে প্রতি বছর ‘২৮ এপ্রিল’ আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। 

এতে আরও উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে জাতীয় মাধ্যমে সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময়ে ৪ লাখ ৬২ হাজার ৬৪৩ মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন; দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪১ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। 

পাশাপাশি সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি-নম্বরের মাধ্যমে উল্লিখিত সময়ের মধ্যে ২ লাখ ১৫ হাজার ৭৭ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।