বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৪:০২

ভারত থেকে পাইপ লাইনে আরও ৭ হাজার টন ডিজেল এসেছে

জেলার পার্বতীপুর মেঘনা রেলহেড অয়েল ডিপোতে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে।ছবি: বাসস

দিনাজপুর, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার পার্বতীপুর মেঘনা রেলহেড অয়েল ডিপোতে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। এ নিয়ে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে চলতি মাসে তৃতীয় দফায় ভারত থেকে ডিজেল এসে পৌঁছালো।  

জেলার পার্বতীপুর রেলহেড মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বাসসকে জানান, আজ সকাল সাড়ে  ১০ টায় ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুর মেঘনা রেলহেড ডিপোতে ৭ হাজার টন তেল এসে পৌঁছেছে।

তিনি জানান, গত ২০ এপ্রিল সোমবার রাত ৮টায় ভারতের শিলিগুড়ি নুমালিগড় রিফাইনারি থেকে পাইপ লাইনে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুর পার্বতীপুর রেলহেড মেঘনা অয়েল ডিপোতে এসে পৌঁছায়।

এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুর পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। এ নিয়ে চলতি মাসে পাইপ লাইনের মাধ্যমে ৩ বারে ২০ হাজার টন ডিজেল পৌঁছেছে। 

সূত্র জানায়, এই নিয়ে চলতি বছরে সর্বমোট ৪২ হাজার টন ডিজেল ভারত থেকে পাইপ লাইনে এসে পৌঁছেছে। চলতি এপ্রিল মাসে মোট ৪ টি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন জ্বালানি তেল আসার কথা রয়েছে। এরমধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন, ১৯ এপ্রিল ৫ হাজার টন এবং আজ ২৩ এপ্রিল ৭ হাজার টন ডিজেল এসেছে। এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে মোট ২২ হাজার টন ডিজেল এসে পৌঁছায়। 

পাইপ লাইনে দিনাজপুর পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়। এরপর সেখান থেকে রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি কোম্পানিতে ডিজেল সরবরাহ করা হয়।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় সারা বছর নিরবচ্ছিন্নভাবে ডিজেল সরবরাহ অব্যাহত রাখতে ভারত থেকে সরাসরি পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে জ্বালানি তেল (ডিজেল) সরবরাহ করা হচ্ছে। 

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর উভয় দেশের সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূ-গর্ভস্থ এই পাইপ লাইন স্থাপনের কার্যক্রম শুরু হয়। গত ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি তেল আমদানি করা যাবে। পরে ব্যবহার, খরচ ও চাহিদা অনুযায়ী আমদানির পরিমাণ বাড়ানো হবে। এই পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ টন তেল ভারত থেকে আমদানি করা সম্ভব বলেও বিপিসির পক্ষ থেকে জানানো হয়। আগে খুলনা এবং চট্টগ্রাম থেকে রেলওয়ে ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল আসতে সময় লাগতো ৬ থেকে ৭ দিন।