শিরোনাম

পাবনা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি দেশ ও জাতির উন্নয়নের জন্য জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা অত্যন্ত জরুরি, আর সেই জ্ঞান চর্চার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বই।
তিনি বলেন, একটি রাষ্ট্রের দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য ও সঞ্চিত জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত করার মাধ্যম হিসেবে বইয়ের গুরুত্ব এখনো সর্বাধিক।
আজ শুক্রবার পাবনায় আয়োজিত একটি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইন্টারনেটের যুগে নতুন প্রজন্মের অনেকেই কাগজের বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে গেলেও বই এখনো জ্ঞান প্রচারের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত। তাই এ ধরনের বইমেলার আয়োজন জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পাবনায় এমন সুন্দর পরিবেশে বইমেলার আয়োজন প্রশংসনীয় এবং এটি সরকারের জবাবদিহিতামূলক সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশের জন্য শিক্ষিত, মেধা ভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, একটি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে ফ্যাসিবাদে রূপ নিতে পারে।
তিনি বলেন, নাগরিক সমাজ, শিক্ষিত জনগোষ্ঠী ও তরুণ প্রজন্মকে লেখালেখি, গণমাধ্যম ও মতপ্রকাশের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে এবং সেই লক্ষ্যে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বইমেলাকে শুধু বই কেনাবেচার জায়গা হিসেবে সীমাবদ্ধ না রেখে এর সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতি বছর নিয়মিতভাবে এ বইমেলা আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে তার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।