বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১২:৪৭
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৩:০১

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) এ তথ্য জানানো হয়েছে।

এসব অভিযানে ২১৪টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া নীলফামারী জেলায় ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন বলেও জানানো হয়।

কোথাও অনিয়ম লক্ষ্য করা গেলে বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।