শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রম আরও জোরদার করতে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে আজ রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায়া এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। এ সময় মহাসড়কের (হাইওয়ে) সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতে নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।
এ সময় তিনি আরও জানান, ফেরিতে যানবাহন ওঠানোর ক্ষেত্রে যাত্রীদের নামিয়ে নিরাপদভাবে উঠানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা হবে। ফিটনেসবিহীন কোনো যানবাহনের রেজিস্ট্রেশন না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) আরও শক্তিশালী করতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত সদিচ্ছা প্রয়োজন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সড়ক ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করা হবে। হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা, পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ন্ত্রিত অস্থায়ী বাস কাউন্টার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময় হলেও কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে সাময়িক বরখাস্ত, রুট পারমিট বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, এখন থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টার ও যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।